যশোরের চৌগাছার মাশিলা-হিজলী সীমান্ত দিয়ে ভারতে আটক ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলেন- যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের সুরমান সরদারের ছেলে আবু সাঈদ (৪৯) তার স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনা জেলার তেরখাদা উপজেলার নয়া-বারাসাত গ্রামের মাসুদ মোল্লার ছেলে রাব্বি হাসান (২১) তার স্ত্রী নাসরিন বিবি (১৯) ও তাদের কন্যা রাহেলা খাতুন (২) মৃত শেখ আব্দুল কাহাফের স্ত্রী মেহেরুনেছা (৭৫), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মাছুরা বিবি (৩৫) ও তার ছেলে নুর জালাল ওসমান (১৫) আর এক ছেলে ওমর ফারুক গাজী (১২) ও মেয়ে মিনারা খাতুন (৮)।
৪৯ মাশিলা সীমান্তের হিজলি বিজিবি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক হাসান আলী বলেন, ভারতের বয়রা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি।
ফেরত আসা সাঈদ বলেন, আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে কেউ হরিয়ানায় ও কেউ উত্তর খণ্ডে, কলিকাতা দমদম ইয়ার পোর্টের পাশে ও হাওড়ায় ছিলাম। সেখান থেকে আটক করে আমাদের বিএসএফ ক্যাম্প নিয়ে আসে। সেখান থেকে আমাদের পাতাকা বৈঠকের মাধ্যমে পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হস্তান্তর হওয়া ১০ জন বাংলাদেশিকে চৌগাছা থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
