পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবুজ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আটক সবুজ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। গ্রামবাসীর সহায়তায় দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই দুজনকে পিটুনি দেন গ্রামবাসী।
অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান। তিনি বলেন, গতকাল রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর পুলিশের একটি দল পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে তাদের পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

