সামরিক তৎপরতার খবরে ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করেছে ৬টি বিমান সংস্থা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৮:০২

ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের 'উচ্চতর সামরিক তৎপরতা' সম্পর্কে বেসামরিক বিমান চলাচলের জন্য সতর্কতা জারির পর শনিবার ছয়টি বিমান সংস্থা ভেনেজুয়েলায় তাদের ফ্লাইট বাতিল করেছে।

রোববার (২৩ নভেম্বর) ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মারিসেলা দে লোইজা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইট বাতিল করা বিমান সংস্থাগুলো হলো ব্রাজিলিয়ান জিওএল, স্প্যানিশ আইবেরিয়া, কলম্বিয়ার আভিয়ানকা, পর্তুগালের টিএপি, চিলির লাতাম ও ত্রিনিদাদ এবং টোবাগোর ক্যারিবিয়ান বিমান সংস্থা।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ মাদক চোরাচালানের বিরুদ্ধে পর্যাপ্ত সক্রিয় লড়াই না বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সম্পর্কের অবনতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিশাল বাহিনী মোতায়েন করায় সম্প্রতি 'সম্ভাব্য পদক্ষেপ' নিয়ে তৎপরতা বেড়েছে।

এদিকে, চার জন মার্কিন কর্মকর্তার বরাতে রোববার রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে শিগগিরই ভেনেজুয়েলা-সম্পর্কিত অভিযানের 'নতুন পর্যায়' শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নির্ধারণ করতে পারেনি রয়টার্স। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো যুক্তি দিয়ে আসছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে।

ইত্তেফাক/এসকে