৩৪ দিন পেছালো শাকসু নির্বাচন, পুনঃতফসিল কাল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২১:১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন হবে ২০২৬ সালের ২০ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১-এর চতুর্থ তলার সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতা এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতদের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

শাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করলেও পুনঃ তফসিল ঘোষণা করেনি কমিশন। পুনঃ তফসিল কবে হতে পারে জানতে চাইলে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম গণমাধ্যামকে বলেন, ‘আজ নির্বাচনের তারিখ সর্বসম্মতিক্রমে পুনর্নির্ধারিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা তিনটায় কমিশনের বৈঠকের পর সন্ধ্যার দিকে পুনঃ তফসিল ঘোষণা করা হবে।’

এর আগে আজ বেলা ১১টা থেকে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সাজেদুল করিম সভাপতিত্ব করেন। এছাড়া কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম, কমিশনার কামরুল ইসলাম, রাজিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মজলিশ, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা এই সভায় উপস্থিত থেকে নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্তে একমত হন। একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ১৬ নভেম্বর কমিশন প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের ঘোষণা দিয়েছিল। এরপর শিক্ষার্থীদের আন্দোলন ও ছুটি সংক্রান্ত বিতর্ক এবং নির্বাচনের বর্জন ঘোষণার প্রেক্ষিতে আজ নতুন তারিখ ঘোষণা করা হলো।

ইত্তেফাক/আরজেড/এএম