বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইয়েমেনের হুথি সরকার।
শনিবার (২২ নভেম্বর) রাজধানী সানার বিশেষায়িত ফৌজদারি আদালত এ রায় দিয়েছে।
সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে '২০২৪-২০২৫ সময়কালে ইয়েমেনের সঙ্গে শত্রুতাপূর্ণ অবস্থায় বিদেশি দেশগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগ' ছিল। দোষী সাব্যস্ত ব্যক্তিরা আমেরিকান, ইসরায়েলি এবং সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিল।
এছাড়া আদালত আরও একজন পুরুষ এবং একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সাবা জানিয়েছে, আসামিরা সৌদি আরব, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা করেছে। আসামিরা কয়েক ডজন রাষ্ট্রীয় নেতাদের অবস্থান এবং গতিবিধি সম্পর্কে তথ্য, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। তাদের তথ্যে বেশ কয়েকটি সামরিক, নিরাপত্তা এবং বেসামরিক স্থানে হামলা করা হয়েছিল, যার কারণে কয়েক ডজন লোক মারা গিয়েছে এবং অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
২০২৩ সালের শেষের দিকে গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণের পর হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। হুথিরা বলেছে, তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।
এই বছরের শুরুতে ইসরায়েলি একটি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য নিহত হন।

