পেশাগত ও ব্যক্তিজীবনে যুদ্ধ করেছি: শান্তা ইসলাম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৫

মঞ্চে অভিনয়ের শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত নানা লড়াইয়ের ভেতর দিয়েই পথ চলতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী শান্তা ইসলাম। শনিবার ছুটির দিনে টরন্টো ফিল্ম ফোরাম কার্যালয়ে ‘আমাদের কথোপকথন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ এবং যুদ্ধ’ দিয়ে আমার মঞ্চ নাটকের যাত্রা শুরু হয়েছিলো। আর সেই যুদ্ধ করেছি পেশাগত জীবনে এবং ব্যক্তি জীবনেও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মঞ্চে ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটকে তাঁর উপস্থিতি ছিল শক্তিশালী। এছাড়া শেকসপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর অভিনয় অভিনয়ের গভীরতা, আবেগ এবং মানবিক দিকগুলো ফুটিয়ে তুলেছে। শান্তার অভিনয়শৈলী, প্রতিভা ও মঞ্চে উপস্থিতির দৃঢ়তা নিয়ে প্রশংসা করেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শহিদুল ইসলাম মিন্টু, সালমা বাণী, আহমেদ হোসেন, এনায়েত করিম বাবলু, শিবু চৌধুরী ও নাসরিন খান।

মঞ্চে প্রতিষ্ঠিত অভিনেত্রী হলেও তাঁর শিল্পজীবনের শুরুটা ছিল কবিতা দিয়ে। ‘অভিমান’ নামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। আলোচনা ও স্মৃতিচারণে উঠে আসে শান্তার জীবনের অনেক অজানা তথ্যও।

এদিকে সাম্প্রতিক সময়ে টরন্টো শহর প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রতি সপ্তাহে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাওয়ায় শহরে তৈরি হয়েছে ‘মিনি বাংলাদেশ’-এর মত পরিবেশ। গত সপ্তাহে অনুষ্ঠিত হয় মাকসুদুল হকের একক সঙ্গীত সন্ধ্যা, যেখানে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তিনি। একই দিনে দর্শকদের মন কাড়ে দিলারা নাহার বাবুর আবৃত্তি অনুষ্ঠান।

সোসাইটি অব বেঙ্গলি ইঞ্জিনিয়ার্স কানাডার উদ্যোগে আয়োজিত হয় প্রয়াত প্রকৌশলী ও লেখক ননীগোপাল দেবনাথের স্মরণসভা। রেডহটে অনুষ্ঠিত হয় কানাডা আওয়ামী লীগের প্রয়াত নেতা গোলাম মাহমুদ মিয়ার স্মরণসভা। গ্র্যান্ড সিনেমোন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কুয়েট নাইটে পরিবেশনা করেন শিল্পী ডলি সায়ন্তনী। বাংলাপাড়ার বাংলাদেশ সেন্টারে শিল্পী সংস্থা কানাডার ত্রৈমাসিক আড্ডায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন মুনমুন রায়, শিখা আখতারী আহমাদ ও আরিয়ান হক।

আজ ছুটির দিনে বেশ কয়েকটি অনুষ্ঠান শেষে আগামীকাল রোববারও টরন্টোয় আরও কয়েকটি আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম রেজওয়ানা চৌধুরী বন্যার গান।

ইত্তেফাক/এমএএম