পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৪:৫৪

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা ব্যাংক শাখার সীমানা প্রাচীরের ওপর থাকা ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে মুহূর্তেই আগুন ধরিয়ে দেয়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের বাইরে রাস্তার সঙ্গে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ইত্তেফাক/এএইচপি