ব্রুনাইয়ের জালে গোল উৎসব করলো বাংলাদেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৫:১৭

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে বড় জয় অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে আরও বড় জয়ের দেখা পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে দুটি করে গোল করেন রিফাত কাজী ও অপু রহমান। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামী, নাজমুল হুদা ফয়সাল ও আরিফ। 

May be an image of football, American football and text that says "援財 9 女 NALIFIERS AFC SAU"

ম্যাচের ১৩ মিনিটে  অপুর গোলে লিড নেয় বাংলাদেশ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। এরপর ৩৬ মিনিটে  ফয়সাল এবং ৩৭ মিনিটে মানিক জালের দেখা পেলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু। এরপর ৭৪ মিনিটে রিফাত কাজীও নিজের জোড়া গোল পূর্ণ করেন। শেষ দিকে ম্যাচের ৭৬ মিনিটে আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

ইত্তেফাক/জেডএইচ