কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৪০

হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করেছে। দলটি গাজায় ইসরায়েলের 'ক্রমাগত হামলার' জন্য নিন্দা করেছে, যা চুক্তিকে দুর্বল করার হুমকি সৃষ্টি করেছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় প্রায় ৫০০ বার হামলা করেছে। এতে শত শত ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে হামাস বলেছে, তারা মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

হামাস চুক্তির যে কোনো লঙ্ঘন নথিভুক্ত এবং বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে একটি স্পষ্ট ও সংজ্ঞায়িত প্রক্রিয়া তৈরির আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করতে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/এমএমকে/এসকে