ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলী লারিজানি বলেছেন, অপরাধী ইসরায়েলি শাসনব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই
রোববার (২৩ নভেম্বর) লেবানন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।
ইরানের নিরাপত্তা প্রধান জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারের প্রধান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে, ইসরায়েলের ভুয়া শাসনের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
তিনি বলেন, 'হজরত ফাতেমা (সা.)-এর শাহাদাতবার্ষিকীর প্রাক্কালে অপরাধী ইসরায়েলি শাসকগোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই এবং তার কয়েকজন সহযোদ্ধাকে শহীদ করেছে।'
তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব শেখ নাইম কাসেম এবং অন্যান্য হিজবুল্লাহ কমান্ডারদের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, দক্ষিণ বৈরুতের দাহিয়েহ শহরতলিতে আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলের এক হামলায় জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই এবং চার জন প্রতিরোধ যোদ্ধাসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ২৮ জন।
