পরিবেশগত ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার প্রকাশ করেছে ‘সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া’। দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, পরিকল্পনার খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালে (www.moefcc.gov.bd) জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সাধারণ মানুষও নিজের মতামত পাঠাতে পারবেন।
এই খসড়া মাস্টার প্ল্যানের ওপর চলতি বছরের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের [email protected] ই-মেইলে লিখিত মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
এছাড়াও, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে [email protected] ই-মেইলে সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।
মন্ত্রণালয় আশা করছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্টমার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।
