প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে আরও সুবিধা দিতে নিবন্ধনের সময় বৃদ্ধি এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে নিবন্ধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
১৯ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে ইসি আটটি অঞ্চলে ভাগ করেছে এবং অঞ্চলভেদে নিবন্ধনের সময়সীমা ভিন্ন।
নজরুল ইসলাম খান বলেন, অনেক দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি এবং দূরবর্তী এলাকায় বাস করার কারণে নিবন্ধন করা কঠিন হয়ে পড়ে। তাই এসব অঞ্চলে সময় বাড়ানোর অনুরোধ করেছি। জবাবে ইসি জানায়, মূল সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।
বিএনপি আরও জানায়, অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। দেশের বাইরে বসবাস ও নানা জটিলতার কারণে তারা এনআইডি করতে পারেননি। অনেক দেশেই নতুন এনআইডি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশি পাসপোর্টকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ দিতে বিএনপি নির্বাচন কমিশনকে অনুরোধ জানায়।
১৮ নভেম্বর সিইসি নাসির উদ্দীন উদ্বোধন করেন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, যার মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সিইসি জানান, বিশ্বের ১৪৩টি দেশে থাকা প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে আগ্রহীরা মোট ৪০ দিনের মধ্যে এই অ্যাপের মাধ্যমে সাত ধাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে।

