মেঘনার এক ইলিশ নিলামে বিক্রি হলো ৮ হাজার ২০০ টাকায়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২০:৩৮

ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে এই ইলিশ। এটির ওজন দুই কেজি ৭৫ গ্রাম। পরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে নিলামে আট হাজার ২০০ টাকা বিক্রি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ভোলা সদরের তুলাতুলি মৎস্যঘাটে আসলাম গোলদারের আড়তে ওই ইলিশটি বিক্রি হয়।

আড়তদার আসলাম জানান, সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের জেলে মো. মনির মাঝিসহ তার সঙ্গীরা নদীতে মাছ ধরছিলাম। তুলাতুলি ও মদনপুর মাঝামাঝি মেঘনা নদীতে তাদের জালে উঠে আসে ওই ইলিশটি। স্থানীয়দের ভাষায় এ ধরনের ইলিশকে রাজা ইলিশ বলে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলেরা ইলিশটি বিক্রি করতে নিয়ে আসেন।

পরে তুলাতুলি ঘাটের আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের উপস্থিতিতে মাছটি প্রকাশ্য ডাকে (নিলামে) বিক্রি করা হয়। সর্বোচ্চ ৮ হাজার ২০০ টাকা দাম ধরে মাছটি ক্রয় করেন  ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী।

জসিম ব্যাপারী জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তাই তিনি এত বেশি দাম দিয়ে মাছটি কিনেছেন। বরিশাল বা ঢাকার পাইকারি আড়তে এ ইলিশটি ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা বিক্রির আশা করছেন তিনি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ইলিশ সারাবছর ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে। তবে বেশি ডিম ছাড়ে অক্টোবর থেকে নভেম্বর মাসে। ওই ইলিশটি সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীতে আসে। পরে জেলেদের জালে ধরা পড়েছে।

ইত্তেফাক/এপি