দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি–৩-এ এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৬.৮° উত্তর অক্ষাংশ ও ৮১.৮° পূর্ব দ্রাঘিমাংশে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান
২৭ নভেম্বর দুপুর ১২টার অবস্থান অনুযায়ী ‘ডিটওয়াহ’ ছিল— চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২,০৪০ কিমি দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১,৯৮০ কিমি দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১,৯৪০ কিমি দক্ষিণ–পশ্চিমে, পায়রা থেকে ১,৯৩৫ কিমি দক্ষিণ–পশ্চিমে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
