পাবনার ঈশ্বরদীতে

নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মীদের ওপর জামায়াতের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪৪

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিবৃতিতে বলা হয়, হামলায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন আছেন। দলটির অভিযোগ, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল নিজেই এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি দাবি করেছে, প্রচারণায় জামায়াত কর্মীরা “ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট”–জাতীয় বক্তব্য ব্যবহার করলে স্থানীয় কিছু ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ জানান। পরে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং অতর্কিতে বিএনপি কর্মীদের টার্গেট করে আক্রমণ করে। দলটি আরও জানায়, কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করলেও দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে জামায়াত কর্মী তুষারকে “অস্ত্র হাতে” দেখা গেছে।

বিবৃতিতে বিএনপি বলেছে, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর; তবে এই সংযমকে দুর্বলতা ভাবা উচিত নয়। সহিংসতা সত্ত্বেও তারা উত্তেজনার জবাব উত্তেজনায় দেবে না—কারণ নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

 
ইত্তেফাক/এএম