লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার গড্ডমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি আবাদি জমি থেকে মরিচাধরা লোহার তৈরি শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেনের মালিকানাধীন জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে সমতল করার সময় প্রায় ২ ফুট গভীরে চাপা পড়ে থাকা মর্টার শেলটি চোখে পড়ে শ্রমিকদের। পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া শেলটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পরিধি ১০ ইঞ্চি এবং ব্যাস ২.৫ ইঞ্চি। এর ওজন প্রায় ৩.৫ কেজি এবং গায়ে ‘এমকে ১৭’ লেখা রয়েছে।
পুলিশ ধারণা করছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, উদ্ধার করা মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
