রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা সরে যায়। পরে বাবর রোড এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে কয়েকজন মিছিলটি বের করেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকা ত্যাগ করেন।
দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, সকাল সাতটার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ওসি আরও বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।
ককটেলটি জেনেভা ক্যাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কিনা—এ প্রশ্নে তিনি জানান, জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ- সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

