সৌম্যর হাতে দলের হাল, ক্ষত-বিক্ষত বাংলাদেশ

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২১:৩০

শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের শ্রীলঙ্কার দেওয়া ২৯৫ রানের টার্গেটে মাঠে নেমে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। একই সঙ্গে সিরিজের গত দুই ম্যাচের মতোই ব্যাট হাতে আজও ব্যর্থ ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। জ্বলে উঠতে পারেননি মুশফিকও। তবে দলের হাল ধরে রেখেছেন সৌম্য সরকার।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। শুরুটা ধীর হলেও নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশকে দেয় ২৯৫ রানের টার্গেট। এই টার্গেটে বাংলাদেশের পক্ষে ওপেনিং করেন অধিনায়ক তামিম ইকবাল ও এনামুল হক। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই কাসুন রাজিথার ফাঁদে পা দেন তিনি। ব্যাট ছুঁইয়ে বল তুলে দেন উইকেট কিপারের হাতে। এর আগে প্রথম ওয়ানডেতে ০ রানে ফেরা তামিম দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ১৯ রান। মাঠে আসেন সৌম্য সরকার।

ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন এনামুল হক। তখন দলীয় সংগ্রহ মাত্র ২৯ রান। এরপর মাঠে আসেন মুশফিকুর রহিম। সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধতে চাইলেও ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত ১০ রানে ফেরেন মুশফিক। ১৬তম ওভারে ব্যক্তিগত ৪ রানে ফেরেন মোহাম্মদ মিথুন। এরপর একে একে ৯ রান করে ফেরন মাহমুদুল্লাহ, ৮ রান করে সাব্বির আর ৭ রান করে মেহেদী হাসান। 

তবে ২২ গজ ক্রিজের এক প্রান্ত থেকে দলের হাল ধরে রেখেছেন সৌম্য সরকার। তামিম সাজঘরে ফিরলে তিন নম্বরে মাঠে আসেন তিনি। এরপর তার অপর প্রান্ত থেকে একে একে ফিরে গেছেন দলের মিডল অর্ডারের সব ব্যাটসম্যান। এরপরও ৭৬ বলে ৫৯ করে অপরাজিত আছেন সৌম্য। তবে ততক্ষণে দলের অবস্থা একেবারে ক্ষতবিক্ষত। ইনিংসের ৩০তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটের বিনিময়ে ১২৮ রান। 

এর আগে, শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সিরিজ নিশ্চিতের পর নিয়ম রক্ষার এই ম্যাচ কিছুটা ধীরে শুরু করলেও শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রানের বড় সংগ্রহ আসে শ্রীলঙ্কান ইনিংস থেকে।

ইত্তেফাক/জেডএইচডি