চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তারা শ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নিয়ে ওই এলাকার ইটভাটা ও ক্ষেতে কাজ করে আসছিলেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় ইটভাটা ও খেতে এসব রোহিঙ্গা নাগরিক শ্রমিকের কাজ করে আসছেন। তারা শ্রমিক পরিচয়ে বাসা ভাড়াও নিয়েছেন সাতকানিয়ায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের শনাক্ত করে বাসা থেকেই আটক করা হয়। এর আগে ১৫ নভেম্বর সাতকানিয়া পৌরসভা এলাকার একটি ইটভাটা থেকে ৮ রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়েছিল।
সর্বশেষ গত শুক্রবারের অভিযানে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শনিবার রাতে মোট ২২ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। অভিযানের পর তাদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
