ইউক্রেনে রাশিয়ার হামলায় ‘অন্ধকারে’ ৬ লাখেরও বেশি বাসিন্দা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৯:০৩

রাতারাতি রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলের ৬ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, পাঁচ লাখের বেশি লোক রাজধানীতেই অন্ধকারে ছিল, বাকি লোকগুলো আশেপাশের অঞ্চলের। শহর ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে বিদ্যুৎ-ব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাতারাতি ইউক্রেনজুড়ে প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর ফলে তিন জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানান, রাতভর চালানো হামলায় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরেও কিয়েভজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে আহত ২৯ জনের মধ্যে ১৩ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৫৮টি ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অভ্যান্তরে বেসামরিক স্থাপনাগুলোতে ইউক্রেনীয় সামরিক বাহিনীর পূর্ববর্তী হামলার জবাবে ভোরে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, 'এই হামলার লক্ষ্য অর্জন করা হয়েছে। সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।'

ইত্তেফাক/এসকে