নারায়ণগঞ্জ ২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপির সহ–অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, মনোনয়ন জনগণের পছন্দের প্রতিফলন হয়নি। এই মনোনয়ন পরিবর্তন হওয়া উচিত এবং পরিবর্তন হওয়াই আবশ্যক। এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে নজরুল ইসলাম আজাদকে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আড়াইহাজার হাইজাদি ইউনিয়নের মরহুম বদরুজ্জামান খসরু বাসভবনে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ সভায় সুমন বলেন, জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপির আদর্শকে ধারণ করে। কিন্তু এই নির্দিষ্ট মনোনয়ন জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক, হতাশা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যা দলের জন্য মোটেই সুখকর নয়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। জনগণের বাস্তব প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন আমাকে দেওয়া উচিত। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি আমাদের সংগ্রামের প্রতীক ও আদর্শের আলোকবর্তিকা।
বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুমন বলেন, দেশের জন্য তার ত্যাগ অম্লান। ছয় বছর কারাবরণ, পাঁচবার মৃত্যু মুখ থেকে ফিরে আসা— এ দেশের গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, যেখানে উৎসবমুখর পরিবেশ থাকার কথা, সেখানে এখন চাপা আতঙ্ক। নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে—‘দেখে নেওয়া হবে’, ‘প্রতিশোধ নেওয়া হবে’। এটি সেই রাজনৈতিক আদর্শ নয়, যার পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করছি।
বক্তব্যের শেষাংশে দৃঢ় কণ্ঠে সুমন বলেন, আমরা চাই সঠিক মনোনয়ন থেকে শুরু হোক প্রকৃত পরিবর্তন। আমাদের বিজয় মানে জনগণের মুক্তি—সেই বিজয় নিশ্চিত করতে আমরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ–জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
