যশোরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর–চৌগাছা সড়কের জগহাটি জোড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন (৫০)। তাদের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুই ব্যক্তি চৌগাছা থেকে মোটরসাইকেলযোগে যশোর আসছিলেন। পথিমধ্যে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, নিহতরা যশোর শহরের একটি হাসপাতালে রোগী দেখে বাড়ি ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি এখনো শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলছে।
