রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৩:১২

নীলফামারীর এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীন নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ সিদ্ধান্ত জানান।

রোববার সকাল থেকে রংপুর-নীলফামারী-সৈয়দপুর-জলঢাকা-কিশোরগঞ্জ-ডিমলা-ডোমার রুটে কোনো বাস ছাড়ছে না। তবে ঢাকাসহ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়মুখী বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের পাওনা-পরিশোধ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার পর রংপুর মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী সফিকুলকে মারধর করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রমিক ইউনিয়নকে বিষয়টি জানান। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী শ্রমিক ইউনিয়ন।

হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন খুঁজে নিতে বাধ্য হচ্ছেন।

সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ‘ডাক্তারের কাছে যাওয়ার জন্য রংপুর যেতে হবে। রুটে বাস বন্ধ থাকায় এখন দিনাজপুর রুটের বাসের অপেক্ষায় আছি।’ আরও কয়েকজন যাত্রীর একই ধরনের অভিযোগ রয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

ইত্তেফাক/এএইচপি