ইসরায়েলি হামলার মুখে লেবানন সফরে যাচ্ছেন পোপ লিও

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৫:৫৭

ক্যাথলিক চার্চের নেতা হিসেবে প্রথম বিদেশ সফরের দ্বিতীয় এবং শেষ পর্যায়ে পোপ লিও রোববার (৩০ নভেম্বর) লেবানন সফর করছেন। ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশটি থেকে তিনি 'শান্তির জন্য আবেদন' করবেন বলে মনে করা হচ্ছে।

পোপ প্রথমে চার দিন ধরে তুরস্ক সফর করছেন। আজ স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি বৈরুতের হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

তুরস্ক সফরকালে তিনি সতর্ক করেছেন, বিশ্বের অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত এবং ধর্মের নামে নিন্দা ও সহিংসতার কারণে মানবতার ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, পোপ লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং জাতীয় নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি লেবাননে। গাজায় দখলদার ইসরায়েলি হামলার পর থেকে দেশটির বৃহৎ দল হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল তা ক্রমাগত লঙ্ঘন করে আসছে।

লেবাননে ১০ লাখ সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থী বাস করছে। দেশটি বছরের পর বছর ধরে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে। কিন্তু নেতারা উদ্বিগ্ন যে, ইসরায়েল নাটকীয়ভাবে হামলা বাড়িয়ে দিচ্ছে।

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম গত শুক্রবার বলেছেন, তিনি আশা করেন পোপ লিওর সফর ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে সাহায্য করবে।

লেবাননের বিভিন্ন সম্প্রদায়ও পোপের এই সফরকে স্বাগত জানিয়েছে।

প্রসঙ্গত, পোপ হওয়ার পর প্রথমবার ক্যাথলিক ইতালির বাইরে বিদেশ সফরের প্রথম পর্যায়ে লিও তুরস্কে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। শনিবার লিও ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদ পরিদর্শন করেন।

ইত্তেফাক/এসকে