ভারতীয় গণমাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বোনদের মন্তব্য করা নিয়ে চটেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিষয়টিকে 'সুনাম ক্ষুণ্ণ' বলে বর্ণনা করে এর তীব্র সমালোচনা করেছেন।
জিও টিভির প্রতিবেদন অনুসারে, রোববার (৩০ নভেম্বর) লাহোরে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে ইমরানের বোন ও নেতাদের উপস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে 'প্রচার ছড়িয়ে দেওয়ার জন্য' ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, 'তারা (ইমরানের বোনেরা) ভারতীয় চ্যানেলগুলোতে কথা বলার সময় কেন কাশ্মীর সমস্যা বা মার্কা-ই-হক উত্থাপন করেনি... তারা দেশকে অপমান করার জন্য ভারতীয় চ্যানেলগুলোতে উপস্থিত হয়েছিল... আজ ভারতীয় এবং আফগান মিডিয়াতে প্রচারণা চালানো হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমি চাই নওরীন নিয়াজি যদি গুলি করে ভূপাতিত করা সাতটি বিমানের কথা বলতেন...বরং তিনি সেখানে গিয়ে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলার মুখোমুখি একজন ব্যক্তির জন্য কেঁদেছেন।'
তথ্যমন্ত্রী আরও বলেন, ইমরানের বোনদের 'লজ্জিত হওয়া উচিত', কারণ তারা ভারতীয় প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিচ্ছেন। তার মতে, এটি পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।
তিনি পিটিআইয়ের ঊর্ধ্বতন নেতৃত্বকেও লক্ষ্য করে দাবি করেন, দলের প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা বিদেশে পাকিস্তান-বিরোধী বক্তব্যে সক্রিয় হয়েছেন।
পাকিস্তানি মন্ত্রী আরও অভিযোগ করেন, পিটিআই ভুল তথ্য এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।

