গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুকুল খন্দকার পদত্যাগ করে যুবদলে যোগ দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেন। পরে যুবদলে যোগদানের ঘোষণা দেন।
এ সময় মো. মুকুল খন্দকার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ও সব ধরণের আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। সেই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিচ্ছি।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
