মানিকগঞ্জের হরিরামপুরে এক মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়ার পর স্থানীয়রা এক মাদক কারবারিসহ তিন জনকে গণপিটুনি দিয়েছে।
ঘটনার তিনজন হলেন- হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের দুলালের ছেলে ২৭ বছর বয়সী আরিফ, সদর উপজেলার কলাশী এলাকার আফসারের ছেলে সাগর, এবং শিবালয় উপজেলার নালী এলাকার মিঠু মোল্লা।
হরিরামপুর থানার এসআই এমদাদুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে খাবাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাদক মামলার আসামি আরিফ খাবাশপুর চক থেকে দৌড়ে হরিরামপুর উপজেলার সট্টি গ্রামের এক বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোক আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। এরপর মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়।
এসআই বলেন, এই ঘটনার ফলে তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। রাত সাড়ে দশটার দিকে হরিরামপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে রাত ১টার দিকে সদর থানার পুলিশ ও পরিবারের সহায়তায় তারা বাড়ি ফিরে যান।
প্রাথমিকভাবে জানা যায়, মূলত মাদক বিক্রির বিষয়ক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আরিফের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রয়েছে এবং সে জামিনে রয়েছে। এ ঘটনায় আরিফ বেশি আহত হয়েছেন, সাগর ও মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
