নোয়াখালীতে বসতঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

নোয়াখালীতে বসতঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উথেছে। এ ঘটনায় আরাফাত ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ওই তরুণীর স্বজনেরা। 

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর সঙ্গে একই উপজেলার এক যুবকের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। তখন তিনি তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী তরুণ আরাফাত ইসলাম ওই তরুণীকে উত্ত্যক্ত করছিলেন।

থানায় করা এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে বসতঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন আরাফাত। একপর্যায়ে তরুণী দরজা খুললে তিনি ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে ঘরের লোকজনের ঘুম ভাঙলে তারা আরাফাতকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, আরাফাত ঐ তরুণীকে উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গত রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 

 
ইত্তেফাক/এসএএস