স্কুল মাঠে অনুমতি ছাড়াই চলছে বাণিজ্য মেলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২

নওগাঁ শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে কোনো প্রশাসনিক অনুমতি ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্যেই মেলাটি চালু করা হয়, যা নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, হাট-নওগাঁ এলাকা একটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল। এখানে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ সংসদ স্কুল অবস্থিত। মেলা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকে মাঠে টিনের বেষ্টনী দিয়ে অবকাঠামো নির্মাণ করা হয়। স্কুলের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প পথ দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা ব্যাহত হচ্ছে, মাঠে খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।

মেলা ঘুরে দেখা যায়, রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির উদ্যোগে এক মাসব্যাপী এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে—পোশাক, খাবার, খেলনা ছাড়াও নাগরদোলা, নৌকা, ড্রাগনসহ বিনোদন সুবিধা রাখা হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেলা চলছে এবং প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। যদিও আয়োজকদের দাবি, এখনো আনুষ্ঠানিক অনুমতি পাননি; পরীক্ষার পর পূর্ণাঙ্গভাবে চালু করবেন।

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে অনুমতি ছাড়াই শুরু হয়েছে বাণিজ্য মেলা। ছবি: ইত্তেফাক

হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। পরীক্ষায় মনোযোগ নষ্ট হচ্ছে, আর মাঠে খেলাধুলাও করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন স্কুল মাঠে মেলা বসানো ঠিক হয়নি। এতে বাচ্চাদের পড়াশোনায় প্রভাব পড়বে, মেলা জমে উঠলে শব্দদূষণে এলাকাবাসীরও সমস্যা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. নাজমুল হাসান বলেন, মাঠটি স্কুলের হলেও কোনো ভাড়া নেওয়া হয়নি। এলাকার এলিট ব্যক্তি ও প্রবাহ সংসদ ক্লাবের অনুরোধে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছি। তবে এটি লিখিত নয়, মৌখিক।” 

তিনি আরও বলেন, স্কুলের মোট ৩০০জন শিক্ষার্থী। পরীক্ষা দিচ্ছে ২৭৫ জন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা বৃহস্পতিবার শেষ হবে। আর ৯ম ও ১০ দশম শ্রেণীর পরীক্ষা আগামী রোববার শেষ। মেলার কারণে খুব একটা প্রভাব পড়েনি। আগামী ১৫ ডিসেম্বর স্কুল ছুটি হবে।

নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জান্নাত আরা তিথি বলেন, ‘স্কুল মাঠে মেলা অনুমতির ক্ষমতা প্রধান শিক্ষকের নেই। আমাকে বিষয়টি জানানো হয়নি। জেলা প্রশাসন ও চেম্বার কোনো অনুমতি দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, ‘স্কুল মাঠে মেলা চালানোর জন্য প্রধান শিক্ষক অনুমতি দিতে পারেন না। আর প্রধান শিক্ষক এ বিষয়ে আমাকে অবগতও করেননি। এছাড়াও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার কোন অনুমতি দেয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মেলার সঙ্গে জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। তবু ব্যানারে পুলিশের নাম ব্যবহার করায় তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মেলা অনুমোদনের একটি আবেদন এসেছে, প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/এএইচপি