জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ফের পেছানো হয়েছে। নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তাছাড়া ক্লাস ও পরীক্ষার বিষয়েও নতুন সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জকসু নির্বাচনের নতুন তারিখের তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, পূর্ব ঘোষিত ২২ ডিসেম্বর থেকে ৮ দিন পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর আয়োজিত হবে। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে টানা ১৭ দিন বন্ধের পর সোমবার খুলছে বিশ্ববিদ্যালয়। তবে সোমবার থেকে কেবল পরীক্ষা শুরু হবে। একদিন পরে মঙ্গলবার থেকে চালু হবে ক্লাস।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩০শে ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে সম্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপ টেস্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
নির্বাচন পেছানোর বিষয়ে জকসুর নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে তফসিল অনুযায়ী ডোপ টেস্ট সম্পন্ন হয়নি। ডোপ টেস্ট না হওয়ার কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা যায়নি। এজন্য, সব কাজ সম্পন্ন করে জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ৩০ ডিসেম্বর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে গত ২৩ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়। ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হলেও বন্ধ থাকে সশরীরে ক্লাস-পরীক্ষা। ফলে জকসুর কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তফসিল অনুযায়ী নির্ধারিত ডোপ টেস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকার কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য রইছ্ উদদীন। তিনি বলেন, আজকে বিশেষ সিন্ডিকেট সভায় ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস খোলা ও পরীক্ষা কবে থেকে নেওয়া যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সোমবার থেকে চাইলে যে-কোনো বিভাগ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে। তবে আগামী রোববার ও সোমবার এ দুই দিন যথারীতি অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

