ফরিদপুর

পাইলিংয়ের সময় ধসে পড়লো পাশের ভবন, এলাকায় আতঙ্ক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৩

ফরিদপুর শহরের নিলটুলি স্বর্ণকারপট্টি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজের সময় পাশের একটি দ্বিতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। এতে ভবনটির ভেতরে থাকা আরএফএল বেস্টবাই শোরুম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ কোনো হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র নিলটুলি স্বর্ণকারপট্টির মুজিব সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। নির্মাণাধীন এই ভবনের মালিক স্থানীয় সঞ্জয় কর্মকার, অজয় কর্মকার ও সেলিম নামে আরেক ব্যক্তি। পাইলিংয়ের কাজ করার সময় পার্শ্ববর্তী ভবনসংলগ্ন কোনো নিরাপত্তাব্যবস্থা বা প্যারাসাইলিং ব্যবস্থা ছিল না। এই অবস্থায় পাইলিংয়ের (নিচের অংশ) কাজ চালিয়ে যাচ্ছিলেন নির্মাণশ্রমিকেরা। হঠাৎ করেই ভবনটির একাংশ ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে দৌড়ে সরে পড়েন নির্মাণশ্রমিক ও শোরুমটির কর্মচারীরা।

ধসে পড়া ভবন ও বেস্টবাই ফ্রাঞ্চাইজের মালিক মনিরা খাতুন অভিযোগ করে বলেন, ‘বার বার নির্মাণাধীন ভবন মালিকদের সতর্ক করা হয়েছে এবং নিয়ম মেনে কাজ করতে বলেছি। কিন্তু তারা রাতের আধারে আমার ভবনের নিচের মাটি সরিয়ে ফেলেছে, যার কারণে আজকের এই দুর্ঘটনা।’

তিনি বলেন, ‘পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফিট দূরত্ব রেখে কাজ করার কথা থাকলে নিয়মনীতির তোয়াক্কা না করেই কাজ চালিয়ে আসছিলেন। শুক্রবার সকালে উল্টা আমার কর্মচারীদের হুমকি-ধমকিও দেয়া হয়।’

এ বিষয়ে অভিযুক্ত ভবন মালিক সঞ্জয় কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থলে আসা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মাসুদ আলম জানান, খবর পেয়ে তারা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছেন, জানা মতে এখনও কোনো অভিযোগ পায়নি পুলিশ। অভিযোগ পেলে সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই, খোঁজ নিয়ে বিষয়টি জানানো হবে।

ইত্তেফাক/এপি