‘কোনো প্রতিপক্ষই সহজ নয়’—আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৩

২০২৬ বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্ব শেষে কঠিন সব দলগুলো মুখোমুখি হতে হবে জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। ‘জে’ গ্রুপে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে।

May be a graphic of text that says "FIFA FIFA WORLDCUP UP 2026 TECHNICAL DRAW RESULTS POWERED BY pramco 호 GROUP J ARGENTINA ALGERIA AUSTRIA JORDAN"

ড্র অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন লিওনেল স্কালোনি। তিনি বলেন, 'আমরা সর্বোচ্চটা দেবো এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তাই করার চেষ্টা করবো, যেটা হলো নিজেদের সাধ্যের সবটুকু দেওয়া, কোনোভাবেই হাল না ছাড়া।'

২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তৃতীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। তবে সৌদি আরবের কাছে হারের সেই  তিক্ত স্মৃতি এখনও মনে আছে স্কালোনির। তাই কোনো প্রতিপক্ষকেই সহজ ভাবতে রাজি নন তিনি।

স্কালোনি বলেন, '২০২২ বিশ্বকাপের মতো, আমরা বলবো কোনো প্রতিপক্ষই সহজ নয়। আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। এটা পার করতে পারলে পরে গ্রুপ ‘এইচ’ এর সঙ্গে লড়াই, এক ধাপ থেকে পরের ধাপের পথটা কঠিন। তবে প্রথমে আমাদের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পার করতে হবে, এরপর দেখবো।'

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন