মুসলিমরা মসজিদ বানাতেই পারে, কিন্তু নামকরণে আপত্তি আছে: শুভেন্দু অধিকারী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৭

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে, মসজিদের নাম বাবরি কেন- এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার (৬ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা মসজিদ বানাবেন; তাতে কোনও আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন। 

বাবরি মসজিদের নামকরণ নিয়ে বিজেপির এই নেতা বলেন, মোগল-পাঠানরা ভারত দখল করতে এসেছিল। অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা-বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত। এই নামকরণকে কেউ সমর্থন করে না। 

এদিকে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 

এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

 

ইত্তেফাক/এনটিএম