গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রী নিয়ে মাঝ পথে আটকা পড়েছে ট্রেনটি। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সর্বশেষ ট্রেনটি সাতখামাইর এলাকা থেকে শ্রীপুর স্টেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃক্ষ। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকার-সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ ছিল।
ট্রেনের যাত্রীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয় এবং ট্রেনের গতি কমতে থাকে। এসময় ইঞ্জিনের মবিল যাত্রীদের গায়ে ছিটকে পড়তে থাকলে, তারা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি ঘটনাস্থল থেকে শ্রীপুর স্টেশনে আনা হয়েছে। এতে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।

