খেলাফত মজলিস নেতা হাবিবুর

‘মুসলমানরা ইমানি চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমানরা ন্যূনতম ইমানি চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে কয়েকগুণ বেশি মুসলমান ভোটার রয়েছে। সেই হিসেবে মুসলমানগণ ইমানি চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস অফিসে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শিক্ষা নামের অশিক্ষার কারণে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, এই সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে, বর্তমানে কোনো সঠিক শিক্ষা নেই। আমরা চাই খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (স) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামি সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।

ইত্তেফাক/এমএএস