বরিশালের মুলাদীতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনেই একটি সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এসময় অনুষ্ঠানস্থলের প্যান্ডেল, চেয়ার, টেবিল, অন্যান্য আসবাবপত্রসহ সেতুর নামফলক ভেঙে ফেলা হয়েছে। ফলে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। পরে কর্মকর্তারা সেতু উদ্বোধন না করেই ফিরে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে (অনলাইনে যুক্ত হয়ে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেতুর উদ্বোধনের কথা ছিল। শনিবার নির্ধারিত দিনে উদ্বোধন উপলক্ষে টাঙানো হয় প্যান্ডেল ও তৈরি করা হয় মঞ্চ। কিন্তু উদ্বোধন ঘোষণার করার আগেই জেলা প্রশাসক, ইউএনও’র সামনেই ভাঙচুর চালায় দুই থেকে তিনশ মানুষ। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। মুলাদী ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দৈর্ঘ্যর ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ কাজ চলছে। কাজ চলমান অবস্থায় এটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘৩৬ জুলাই সেতু’। নামকরণের পর শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেতুটি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকেও দাওয়াত দেওয়া হয়নি। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।
এই ব্যাপারে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের হামলা ও ভাঙচুরের ঘটনায় আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুলাদী ও কালকিনি থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে সেতুটির নাম নিয়ে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। শনিবার স্থানীয়দের হামলায় উদ্বোধন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

