মেধাবী প্রোগ্রামারদের খোঁজে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি আন্তঃবিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫’। দেশের ১৬টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৫টি প্রোগ্রামিং দল অংশ নেয় এ প্রতিযোগিতায়।
গত ২৯ নভেম্বর বিইউবিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই প্রোগ্রামিং ইভেন্ট। পাঁচ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর সামনে ১০টি জটিল গাণিতিক ও যৌক্তিক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ ছিল।
বিইউবিটি সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাইফুর রহমান জানান, দেশের শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা এবং তাদের মধ্যে উদ্ভাবনী প্রোগ্রামিং সংস্কৃতির প্রসার ঘটানোই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের দল ‘GreenForces’ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার-আপ হয় আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দল ‘AUST_Simplexity’। এছাড়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘DIU_Sixth_Sense’ দ্বিতীয় রানার-আপ হিসেবে স্থান করে নেয়।
প্রোগ্রাম পরিচালনার দায়িত্বে ছিলেন—বিইউবিটির সহকারী অধ্যাপক সাদ্দাম হোসাইন, প্রভাষক সুমনা ইয়াসমিন, মাহারিন আফরোজ ও আরিফ হাসান।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিইউবিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী।
ড. এম. লুৎফর রহমান তার বক্তব্যে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই ধরনের আয়োজনগুলো দেশের তরুণদের কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলে না, বরং যেকোনো জটিল সমস্যাকে যৌক্তিকভাবে মোকাবিলা করার মানসিকতা তৈরি করে, যা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে অপরিহার্য।’
এই প্রতিযোগিতার আয়োজনে নেতৃত্ব দেয় বিইউবিটি কম্পিটিভ প্রোগ্রামিং কমিউনিটি। একাডেমিক তত্ত্বাবধান এবং কারিগরি সহায়তা প্রদান করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এছাড়াও, সহযোগী অংশীদার হিসেবে ছিল আইইইই কম্পিউটার সোসাইটি বিইউবিটি স্টুডেন্ট শাখা এবং বিইউবিটি আইটি ক্লাব। শিক্ষার্থীদের এই মেধাভিত্তিক লড়াইয়ে পৃষ্ঠপোষকতা করেছে ‘বিয়ন্ড স্টোরিজ’।
