নগরীর আখালিয়া নয়াপাড়া এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। বুধবার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে বলে পুলিশ জানায়।
সংঘর্ষের সময় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মুনিম আহমদের বাসায় গুলি ছুড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। মুনিম আহমদ বলেন, ‘আখালিয়া নয়াপাড়ায় বর্ডার গার্ড স্কুলের উত্তর পাশে তার বাসা। বুধবার রাতে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজেল গ্রুপ ও ছাত্রলীগ নেতা সুমন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সুমন গ্রুপের সুমন, রাজনসহ কয়েকজন তার বাসার সামনে অবস্থান নেয়। তখন তিনি তাদেরকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করেন। এরপর সুমন গ্রুপের নেতাকর্মীরা সরে পড়ে। তবে এর পরপরই সুজেল গ্রুপের নেতাকর্মীরা তার বাসার সামনে এসে গোলাগুলি করতে থাকে।’
আরও পড়ুন: কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে , ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ রোগী
তিনি জানান, এসময় তার বাসায় শর্টগানের ৫-৬ রাউন্ড গুলি হয়। এতে তিনি, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সামিয়া আক্তার মাইশা আহত হন।
এদিকে সংঘর্ষের ঘটনায় সুজেল গ্রুপের কর্মী জুনেদ আহমদ (২৯), সুমন গ্রুপের কর্মী সুরমা আবাসিক এলাকার মারুফ আহমদ (১৮) ও পথচারী শাহী ঈদগাহের রাকিব আহমদ (২০) আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে নগরীর জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মুনিম আহমদের বাসায় গিয়ে শর্টগানের গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
ইত্তেফাক/এমআরএম
