২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর হলেন প্যানেলের অন্য দুই সদস্য।
এর আগে, রোববার (২৩ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য সাজু রায় নামে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল-২-এ সাক্ষী সাজুর জবানবন্দি রেকর্ড করা হয়।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে গ্রেপ্তার রয়েছেন ছয়জন। গ্রেপ্তাররা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ আসামি, যাদের মধ্যে বেরোবির সাবেক ভিসিও আছেন, এখনও পলাতক।
