গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ গাছের ডাব চুরি করতে দেখে বাধা দেওয়ায় দুই যুবকের মারধরে মোয়াজ্জেম শিকদার (৬০) নামে এক গাছ মালিক নিহত হয়েছেন। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রাকিব ইসলাম জানান, সোমবার রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত মোয়াজ্জেম শিকদার দিগনগর গ্রামের বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিদর্শক রাকিব ইসলাম বলেন, মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামের দুই যুবক রাত সাড়ে ৮টার দিকে গাছের ডাব চুরি করতে যায়। এটা দেখে ফেলেন গাছের মালিক মোয়াজ্জেম এবং তিনি ওই দুই যুবককে ধরে ফেলেন।
তিনি বলেন, ওই দুই যুবক নিজেদের ছাড়িয়ে নিতে মোয়াজ্জেমকে কিল ঘুষি মারে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে বাড়ির লোকজন মোয়াজ্জেমকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক রাকিব বলেন, ওই দুই যুবক মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ হেফজতে রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
