রংপুর রাইডার্সে ফিরলেন সাকিব

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৪:৩০

দুই সপ্তাহ আগের কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে রংপুর রাইডার্সের সঙ্গেই আছেন বলে জানিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। রংপুরের সঙ্গে চুক্তি হয়ে আছে বলেছিলেন মাশরাফি। দুই সপ্তাহের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট।

রংপুরের তাঁবুতে নেই মাশরাফি। কারণ গতকাল ঘটা করেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে দলে টেনেছে রংপুর। টানা তিন আসর খেলার পর ঢাকা ডায়নামাইটস ছেড়ে বিপিএলে সাকিবের নতুন ঘর রংপুর। এক বছরের চুক্তিতে গতকাল এ দলে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বসুন্ধরা গ্রুপের মালিকানায় গত দুই আসরে বিপিএল খেলছে রংপুর। প্রথম আসরেই মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। মাশরাফির সঙ্গে আলাপ হয়েছে বলে দাবি করেছেন রংপুরের সিইও ইশতিয়াক সাদেক। গতকাল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘মাশরাফির সঙ্গে আমাদের টিম ম্যানেজমেন্টের আলাপ হয়েছে। মাশরাফি ইতিমধ্যে টি-২০ থেকে অবসর নিয়েছে। খুব শিগগিরই ওয়ানডে থেকেও অবসর নেবে। এ আসরে হয়ত সে আইকন থাকবে না। ও আমাদের পরিকল্পনায় আছে। বিসিবি তাকে আইকন না করলে এবং সে আমাদের প্রস্তাবে রাজি হলে আমরা তাকে রিটেইন করব। আর আইকন করলে তাকে পাব না।’

আরও পড়ুন: শ্রীলংকায় হোয়াইটওয়াশ হলো টাইগাররা

এদিকে গতকাল যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাশরাফিকে। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিষয়টি জানতেন না মাশরাফি। সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে নেওয়া এবং তাকে বাদ দেওয়ার বিষয়ে জানায়নি রংপুর কর্তৃপক্ষ।
বিপিএলের প্রথম আসরে খুলনা রয়েল বেঙ্গলসে খেলেছিলেন সাকিব। দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরস, তৃতীয় আসরে রংপুর রাইডার্স, পরের তিন আসরে ঢাকা ডায়নামাইটসে খেলেছিলেন তিনি।

তিন আসর পর রংপুরে ফিরেছেন সাকিব। এবার বিপিএলে দলটিকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই বলেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান, দলের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।
ফুটবলেও এবার বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স হয়েছিল। যার ধারাবাহিকতা ক্রিকেটেও ধরে রাখতে চান সাকিব। বিপিএলেও বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দলকে শিরোপা এনে দেওয়ার আশা করছেন তিনি।

গতকাল সাকিব বলেছেন, ‘আমি দেখিছি। আমার একটা বন্ধু সেখানে খেলেছে। ফুটবলে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি আমরাও এবার চ্যাম্পিয়ন হব।’
গত দুই আসরেই বড়ো বাজেটের দল গড়েছিল রংপুর। এবারও তেমনই শক্তিশালী দল গড়ার সম্ভাবনা রয়েছে। কোচ হিসেবে টম মুডিই থাকছেন রংপুর শিবিরে। বিদেশি তারকাদের কাছ থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করবেন সাকিব।

গতকাল বলেছেন, ‘আমার মনে হয় টম মুডি আছে। আমরা একসঙ্গে হায়দরাবাদে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সে পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায় সেটা চেষ্টা করা। অধিনায়ক হিসেবে সেই দায়িত্ব আমি আগেও পালন করে এসেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হবে না।’

তারকা ভরপুর বিপিএল দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে বলে মনে করেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি তো চাই উন্মাদনা বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা কয়েক বছর আগেও ছিল না। বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা বড়ো বড়ো প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসছে।’

সাকিব ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিং কোটায় ক্যারিবিয়ান ডোয়াইন ব্র্যাভো ও আফগান মোহাম্মদ নবীকে দলে টেনেছে রংপুর।

ইত্তেফাক/এমআরএম