মালয়েশিয়ায় নারীদের শৌচাগারে ঢুকে পড়ায় বাংলাদেশি যুবক আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩

মালয়েশিয়ার জোহর রাজ্যে নারীদের শৌচাগারে ঢোকার অভিযোগে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুলাই বাস টার্মিনালে ঘটনাটি ঘটে।

কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবার কুলাই বাস টার্মিনালে একজন বাংলাদেশি যুবককে নারীদের শৌচাগারে প্রবেশ করার অভিযোগে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই যুবক কুয়ালালামপুর থেকে বাসে করে ভ্রমণ করছিলেন এবং বিরতির জন্য বাস টার্মিনালে নামেন। অপেক্ষারতদের চেয়ারে তার লাগেজ রেখে তিনি ভুলবশত নারীদের শৌচাগারে ঢুকে পড়েন।
 
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ওই বাংলাদেশি যুবককে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ থানায় নিয়ে যায়। 
 
পরে সহকারী কমিশনার তান সেং লি নিশ্চিত করেন প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা ও বিস্তারিত তদন্ত শেষে তাকে মুক্তি দেয়া হয়। এ বিষয়ে একটি পুলিশ রিপোর্টও নথিভুক্ত করা হয়েছে।
 
গ্রেপ্তারের পর ওই যুবকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে যা ব্যাপক মানুষের মনোযোগ আকর্ষণ করে।

ইত্তেফাক/পিএস