আনঅফিসিয়াল মোবাইল বিক্রির জন্য ব্যবসায়ীদের মার্চ পর্যন্ত সময় দিলো সরকার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রির বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রেতারা আগামী মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে পারবেন। এ সময়ের মধ্যে যে কেউ আনঅফিসিয়াল ফোন কিনলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং ফোন বন্ধ হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। তবে মার্চের পর থেকে আনঅফিসিয়াল মোবাইল বিক্রির আর কোনো সুযোগ থাকবে না।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি এবং মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

মোবাইল ফোন বিক্রেতাদের আন্দোলন বিষয়ে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যহারের বিষয়ে ঘোষণা দেয়া হবে।

ইত্তেফাক/এমএস