৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৮

সচিবালয়ে টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ছাড়েন বলে নিশ্চিত হওয়া গেছে।

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবি করে দুপুর ২টার পর থেকে অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনের অংশ হিসেবেই উপদেষ্টাকে দীর্ঘসময় কক্ষে আটকে রাখা হয়।

অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা হ্যান্ড মাইক দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনেকেই ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তোলেন।

এর আগে আন্দোলনকারীদের জানানো হয় যে তাদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে তারা সেই আশ্বাস মানেননি এবং আজই প্রজ্ঞাপন জারি করতে হবে বলে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

রাত ৮টার কিছু আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এসময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ঠেকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং উত্তেজনা বাড়তে থাকে।

অবশেষে রাত ৮টা ১২ মিনিটে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয় থেকে বের করে আনা হয়।

ইত্তেফাক/এএম