স্কুল ভর্তি লটারির ফল জানা যাবে যেভাবে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারির ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ডিজিটাল লটারির ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ডিজিটাল লটারির ফলাফল অনলাইনে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং যেকোনো টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। টেলিটক মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্দেশনা:

GSA<Space>Result<Space>User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বড় স্ক্রিনে একের পর এক স্কুলের নাম ও আবেদনকারীদের আইডি প্রদর্শন করা হচ্ছে। এতে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া চলেছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। লটারির ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করতে হবে। ভর্তি কমিটি সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪,৪৮২টি বিদ্যালয়ে ১১,৯৩,২৮১টি আসন আছে। এর মধ্যে ৩,৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে ১০,৭২,২৫১টি আসন এবং ৬৮৮টি সরকারি স্কুলে ১,২১,৩০০টি আসন রয়েছে। ভর্তির পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

 
ইত্তেফাক/আইএ