বগুড়ায় আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার এক আসামির হাতকড়া খুলে পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে কৌশলে পালিয়ে যায় শাহীন ওরফে মিরপুর (২০)। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং–১৭৬-এর ভিত্তিতে চকসূত্রাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে শাহীনকে আটক করা হয়। স্থানীয়রা আচরণ সন্দেহজনক মনে করলে আকবরিয়া হোটেলসংলগ্ন এলাকায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজিরার পর তাকে প্রিজন ভ্যানে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় হাতকড়া খুলে দ্রুত দৌড়ে আদালত এলাকা থেকে পালিয়ে যায় শাহীন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে যায়। এতে আদালত এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।
আদালতের দায়িত্বপ্রাপ্ত ইনস্পেক্টর শহীদুল ইসলাম বলেন, আসামি পালিয়ে গেছে—এটা নিশ্চিত। তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং খুব দ্রুতই তাকে গ্রেপ্তারের আশা করা হচ্ছে।
ঘটনার পর আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের গাফিলতি নিয়ে শহরজুড়ে তীব্র সমালোচনা চলছে। উল্লেখ্য, তিন মাস আগেও একই ধরনের ঘটনায় একজন আসামি পালিয়ে গিয়েছিল, তবে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

