আকাশচুম্বী বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম, ফিফাকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:০২

যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্বকাপ টিকিটের হালনাগাদকৃত দাম প্রকাশ করা হয়। যেখানে ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয়। এসব অ্যাসোসিয়েশন যেন তাদের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে এসব টিকিট বিক্রি করতে পারে সেজন্যই এই ব্যবস্থা।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের টিকিটের দামের তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বে বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলারের (৮৫ হাজার ৩৮৪ টাকা) মধ্যে। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১০ হাজার টাকা)। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

বিবিসি জানিয়েছে, ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ সমর্থকগোষ্ঠী বলেছে ফিফার ‘অত্যধিক দাম’–এর নীতি দেখে ‘বিস্মিত’ তারা। এছাড়া টিকিট বিক্রি ‘তাৎক্ষণিকভাবে বন্ধ’ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিক্রিয়ায় বলেছে, এই অত্যধিক দাম সমর্থকদের ‘মুখে চড় মারা’র সমান। অতিরিক্ত দামের এই অভিযোগের বিষয়ে ফিফা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফাইনালের টিকিট তিন স্তরের—সাপোর্টার ভ্যালু টায়ার: ৪ হাজার ১৮৫ ডলার (৫ লাখ ১০ হাজার টাকা), সাপোর্টার স্ট্যান্ডার্ড টায়ার: ৫ হাজার ৫৬০ ডলার (৬ লাখ ৭৮ হাজার ১৯৪ টাকা), সাপোর্টার প্রিমিয়ার টায়ার: ৮ হাজার ৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

এপি জানিয়েছে, গ্রুপ পর্বের টিকিটগুলোর এই দামের সঙ্গে ফিফার এর আগে ৬০ ডলারের টিকিট দেওয়ার প্রতিশ্রুতির মিল নেই। সাত বছর আগে এই বিশ্বকাপ আয়োজনের বিড করার সময় যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তাদের লক্ষ্য ছিল টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোর জন্য ২১ ডলার দামের হাজারো টিকিট ছাড়া। কিন্তু বর্তমান দামের সঙ্গে সেই ভাবনারও মিল নেই।

ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) তাদের বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এটি বিরাট বিশ্বাসঘাতকতা, এটাকে (বিশ্বকাপ) আরও আকর্ষণীয় করতে সমর্থকদের অবদানকে পাত্তা দেওয়া হয়নি।’

ফিফা গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ওয়েবসাইটে প্রকাশিত টিকিটের দাম শুরুতে গ্রুপ পর্বে ম্যাচের জন্য ৬০ ডলার থেকে ফাইনালে ৬ হাজার ৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ প্রবর্তনের কারণে এ দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। সেরা আসনগুলো ক্যাটাগরি ওয়ানে। জার্মান ফুটবল ফেডারেশন টিকিটের যে মূল্য প্রকাশ করেছে, তাতে ক্যাটাগরি আছে তিনটি।

সমর্থকগোষ্ঠী এফএসই জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিফার কাছে, ‘যতক্ষণ না পর্যন্ত এমন একটি সমাধান পাওয়া যাচ্ছে, যা বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করে।’

 

ইত্তেফাক/জেডএইচ