রংপুরে বিভাগীয় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে লাখো মুসুল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয় ইজতেমার ময়দান।
এর মধ্য দিয়ে রংপুর বিভাগীয় ইজতেমার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী বিভাগীয় ইজতেমা শেষ হয়।
নগরীর ৪ নম্বর আমাশু কুকরুল এলাকায় ৮০ একর জমির বিস্তৃত এলাকাজুড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তাবলীগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা। ইজতেমায় রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের খালি জায়গায় ও রাস্তায় অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। লাখো মুসল্লির সঙ্গে হাত তুলে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আখেরি মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এরপর অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসগার আর আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয় ইজতেমা ময়দান।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হয়। বিভাগীয় ইজতেমায় দু-দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন এবং দ্বীনের দাওয়াতে বের হওয়ার জন্য নিয়ত করেন ।
