আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনার পর নিরপত্তা জোরদার করা হয়েছে। তার বাড়িসহ আশপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। এ ঘটনার পর তার বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদারের বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
তিনি বলেন, শনিবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ইতোমধ্যে পুলিশের ঝালকাঠি জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর চুরির বিষয়ে তদন্ত চলমান আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টায় শিফট করে সেখানে চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় সারাদেশের মতো নিজ জন্মভূমি নলছিটিতেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব কর্মসূচি থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হচ্ছে।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন, ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতাম; সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। তখন দেখেছি তার মাঝে অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ (শনিবার) বিকেলে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা অতি দ্রুত ওসমান হাদির ওপর হামলায় জড়িত মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি।
ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, শরীফ ওসমান হাদি শুধু নলছিটি না সারাদেশের একটি সম্পদ। তার রয়েছে অগাধ দেশপ্রেম এবং তিনি ফ্যাসিষ্ট বিরোধী অগ্রদূত সৈনিক। তিনি আমাদের নলছিটির সুযোগ্য সন্তান আমরা সবসময় তাকে নিয়ে গর্ববোধ করি। আজ আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা শুক্রবার সন্ধায় আট দলের ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। আমরা এগুলো করেই চুপ থাকবো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কারণ শরীফ ওসমান হাদি একজনই; তার বিকল্প সহজে খুজে পাওয়া যাবে না। সরকারকে অনুরোধ করবো দ্রুত জড়িতদেরকে খুঁজে বের করুন।
হাদির প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা মাওলানা আবদুল হাদিও ছিলেন অত্যন্ত মিষ্টভাষী সৎ মানুষ। ওসমান হাদি তার বাবার মতোই স্পষ্টবাদী সৎ মানুষ। তিনি আট থেকে দশ বছর আগে নলছিটি ছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এই সুগন্ধা নদীর তীরেই আমাদের সঙ্গে তার ছোটবেলা কেটেছে। এখনও নলছিটি আসলে সে অত্যন্ত বিনয়ীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। এমন একটা মানুষ শুধু দেশের পক্ষে কথা বলার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনা করছি।
প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই ঢাকায় চলে যান পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে নলছিটিতে হাদির পৈত্রিক বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে।
