জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশ নেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ ক্বারি মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় ওই এএসআই পুলিশের পোশাক পরে অংশ নেন। প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে, তিনি সেখানে ইসলামী সংগীত পরিবেশন করেন এবং বক্তব্যও দেন।

পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারত্ব ও শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই ওই পথসভায় উপস্থিত থেকে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এবং যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় গান পরিবেশন করছেন।

ইত্তেফাক/এএম